ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনা ছড়াচ্ছে বিজেপি : মমতা

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। প্রায় প্রতিদিনই সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশটিতে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে করোনা ছড়িয়ে দেওয়ার জন্য বিজেপিকে অভিযুক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


তার অভিযোগ, ভোটে জেতার জন্য অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। আর তাদের মাধ্যমেই রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।


বুধবার (১৪ এপ্রিল) জলপাইগুড়িতে আয়োজিত এক জনসভায় এ নিয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বাইরে থেকে হাজার হাজার লোক ঢোকাচ্ছে। তারা রোগ (করোনা) ছড়িয়ে দিয়ে পালাচ্ছে।


মমতা আরও বলেন, আমাদের এখানে করোনা কী সুন্দর কমে গিয়েছিল। এতদিনে আরও বেশি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া যেত তাহলে করোনা এতো বাড়তে পারতো না। তার ওপর ভোটের জন্য অন্য রাজ্য থেকে এখানে বহিরাগতদের নিয়ে এসেছে বিজেপি। আর তারাই এখানে এসব রোগ ছড়িয়ে দিচ্ছে।


গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে হুহু করে বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে এখনো চার দফা নির্বাচন বাকি। ফলে আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।


মমতার অভিযোগ, রাজ্য সরকারের উদ্যোগে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। কিন্তু সেই অনুমতি দেয়নি মোদী সরকার।


বুধবারের জনসভায় মমতা বলেছেন, আসামে ভোট মিটতেই ফের বাঙালিদের বন্দিশিবিরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। অনেকের কাছেই নতুন করে নাগরিকত্ব প্রমাণের নোটিস যাচ্ছে। ফলে বিজেপিকে ভোট দেওয়ার আগে মানুষকে সতর্ক হবে হবে।


তিনি আরও বলেন, রাজ্যের এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা বলছেন অমিত শাহসহ বিজেপি নেতারা। বিভিন্ন জেলার মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে তারা।

ads
ads
ads

Our Facebook Page

↑